
স্টাফ রিপোর্টার॥
—————————
ভোলায় জমিজমা বিরোধের জেরে এক পরিবারের স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম করেছে স্বশস্ত্র সন্ত্রাসীরা। সোমবার (১৫ জুন) সন্ধ্যা ছয়টায় শহরতলীর পূর্ব ইলিশা পাকার মাথা নামক এলাকার ৫ নং ওয়ার্ডের খলিফা বাড়ীতে এঘটনা ঘটে। আহতরা হলেন-মো.সালাউদ্দিন (৪০) ও তার স্ত্রী সোনিয়া বেগম (৩০)। এদেরকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহত সালাউদ্দিন জানান,তার মা’ সামছুন্নাহার তাকে ও তার ভাই আলাউদ্দিনকে ত্রিশ শতাংশ জমির দলিল রেজিস্ট্রি করে দেন। দলিল দেয়ার এ খবরটি একই এলাকার বাসিন্দা সেলিম মিয়ার স্ত্রী লাইলী বেগম আলাউদ্দিনের ভগ্নিপতিদের জানিয়ে দেন। এখবর জানতে পেরে আলাউদ্দিন ও সালাউদ্দিনের ভগ্নিপতি মো.হোসেন ও নুরুল ইসলাম তাদের শশুর বাড়ী ইলিশার পাকার মাথায় চলে আসেন। সেখানে তারা ওই জমি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চরম বিরোধে জড়িয়ে পরে। এক পর্যায়ে সালাউদ্দিনের ভগ্নিপতি নুরুল ইসলাম,
মো.হোসেন ও তাদের ছেলে রাসেল,ইউসুফ,রাজিব,মেহেদী ও মেহরাব জোটবদ্ধ হয়ে সালাউদ্দিন ও তার স্ত্রী সোনিয়া বেগমকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে। সন্ত্রাসীদের হামলায় তারা গুরুতর আহত হলে গ্রামবাসী তাদেরকে ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এদিকে আহত সালাউদ্দিনের ভাই আলাউদ্দিন গণমাধ্যমকে জানান,হামলার ঘটনার পরও সন্ত্রাসীরা মঙ্গলবার (১৬ জুন) ভোলা সদর হাসপাতালে গিয়ে প্রভাব প্রতিপত্তি দেখিয়ে ভর্তিকৃত চিকিৎসাধীন আহতদের নাম কাটিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত নুরুল ইসলাম ও মো. হোসেনের সাথে তাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কল রিসিভ করেননি।
সরেজমিন তথ্যানুসন্ধানে ইলিশার খলিফা বাড়ীতে গেলে স্থানীয়রা জানান,হামলাকারীদের হুমকি ও দাপটের কারনে ওই পরিবারের সদস্যরা এখন চরম আতঙ্ক,উদ্বেগ আর উৎকন্ঠার মধ্যে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহত ব্যাক্তিরা।










