
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা সরকারি কলেজ শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘তীর’ (TEER)-এর উদ্যোগে “আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস” পালিত হয়েছে। দিনটি উপলক্ষে কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মাসুদুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ আবু সাইদ মন্ডল, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সামিউল ইসলাম, তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখার শিক্ষক উপদেষ্টা, সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিপন্ন শকুন উদ্ধার, চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে এই প্রজাতিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা জরুরি। গবেষণায় দেখা গেছে, গত তিন দশকে দক্ষিণ এশিয়ায় প্রায় ৭৫ শতাংশ শকুন হারিয়ে গেছে।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশিদ বলেন, “শকুনকে প্রকৃতির ঝাড়ুদ্বার বলা হয়। মৃত প্রাণী ভক্ষণ করে শকুন জীবকুলকে মারাত্মক সংক্রামক ব্যাধি থেকে রক্ষা করে।”
সংগঠনের সভাপতি মোঃ মেজবাহুল হক জানান, IUCN Bangladesh-এর ২০২৪ সালের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২২–২৩ সালের জরিপে বাংলাদেশে ২৪৫ থেকে ২৫০টি শ্বেত-পৃষ্ঠ শকুন টিকে ছিল।
উল্লেখ্য, পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণকারী সংগঠন ‘তীর’ ২০১১ সাল থেকে জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের জন্য সংগঠনটি ২০২১ সালে জাতীয় পুরস্কারে ভূষিত হয়।

দাউদ ইব্রাহীম সোহেল খান 








