
দিশা সরকার গাইবান্ধা থেকে:
গাইবান্ধার ফুলছড়িতে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় একটি নবনির্মিত বহুমুখী নিরাপদ আশ্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। একই সাথে এলাকার প্রান্তিক কৃষকদের মাঝে জলবায়ু-সহনশীল বিভিন্ন ফসলের বীজ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রামে এ উদ্বোধনী ও বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গণ উন্নয়ন কেন্দ্র’ (জিইউকে)-এর বাস্তবায়নে এবং ‘এডব্লিউও ইন্টারন্যাশনাল’-এর সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এম. আবদুস্ সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মনিরুজ্জামান। তিনি নবনির্মিত বহুমুখী নিরাপদ আশ্রয় কেন্দ্রটির ফলক উন্মোচন করে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান বলেন, “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় নদীভাঙন ও বন্যাপ্রবণ এ অঞ্চলে বহুমুখী নিরাপদ আশ্রয় কেন্দ্রটি স্থানীয় জনগোষ্ঠীর জীবন ও সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি প্রান্তিক কৃষকদের মাঝে জলবায়ু-সহনশীল ফসলের বীজ বিতরণ এ অঞ্চলের কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে সহায়ক হবে।”
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ এলাকার কৃষকদের হাতে জলবায়ু-সহনশীল বিভিন্ন ফসলের বীজ তুলে দেন। অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, জনপ্রতিনিধি এবং গণ উন্নয়ন কেন্দ্রের সুবিধাবহোগী কৃষকরা উপস্থিত ছিলেন












