ভোলা পৌরসভার আসন্ন মেয়র নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় উঠে এসেছেন বিজেপির দীর্ঘদিনের সক্রিয় নেতা মোঃ মেহেদী হাসান হান্নান।
দলীয় রাজনীতিতে তার দীর্ঘ অভিজ্ঞতা ও তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকার কারণে সম্ভাব্য প্রার্থী হিসেবে তাকে ঘিরে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে জোর আলোচনা চলছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা বা মতামত দিতে নারাজ বলে জানিয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ মেহেদী হাসান হান্নান।
দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) প্রতিষ্ঠাতা, সাবেক মন্ত্রী নাজিউর রহমান মঞ্জুর আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে আস্থা রেখে তিনি দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় রয়েছেন।
জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবত বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয় যুব সংগহতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন আহবায়কের দায়িত্ব পালন করছেন।
এছাড়াও জেলার মানুষের কল্যাণে সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক অঙ্গনে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। এছাড়াও তিনি ভোলা জেলার সামাজিক সংগঠন মেঘনা যুব ফাউন্ডেশন এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন ।
স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ তাকে মেয়র পদে সম্ভাব্য ও শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনার যোগ্য করে তোলে। অবহেলিত ও দারিদ্র্যপীড়িত মানুষের জীবনমান উন্নয়নে অধিকার আদায়ে স্পষ্টভাষী মানুষ হিসেবে হান্নান ভাইকে যোগ্য মনে করেন তারা।
এ বিষয়ে মেহেদী হাসান হান্নান বলেন, "এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। উপকার করতে হলে ভোটে দাঁড়াতে হবে এমনটা নয়। উপকার করার মানসিকতা থাকলে মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। এ বিষয়ে আমার বলার কিছু নেই। এখনো নির্বাচনের জন্য অনেক সময় বাকি। জনগণ যদি ভালোবেসে আমাকে চায়, সেক্ষেত্রে পৌর নির্বাচনে প্রার্থীতার বিষয়টি বিবেচনা করব।"
তিনি আরও জানান, "প্রথমত, দল যদি আমাকে দায়িত্ব দেয়, তাহলে আমি ভোলা পৌরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করব। একটি আধুনিক, উন্নয়নমুখী ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়াই হবে আমার প্রধান লক্ষ্য।"
এদিকে, ভোলা পৌরসভার রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে, যা নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল থেকে উঠে আসা এবং দীর্ঘ সময় মাঠে সক্রিয় থাকা নেতাদের মেহেদী হাসান হান্নান উল্লেখযোগ্য। তবে জনগণের প্রত্যাশা, দলীয় প্রতিযোগিতা ও বর্তমান রাজনৈতিক বাস্তবতাই তার ভবিষ্যৎ পথচলা নির্ধারণ করবে।