গাইবান্ধা প্রতিনিধি:
পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশ সুরক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাইবান্ধা আদর্শ কলেজে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কলেজ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে কলেজ কর্তৃপক্ষ এ উদ্যোগ নেয়।
গাইবান্ধা আদর্শ কলেজের অধ্যক্ষ এ.কে.এম জাজিস কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল এবং আদর্শ কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি মো. হারুন-অর-রশীদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগাতে হবে।
পরে অতিথিরা কলেজ চত্বরে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।